ছবি:সংগৃহীত
নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব চূড়ামণি ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রামস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
আয়োজনের অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৪টায় মঙ্গল আরতি দর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সকাল ৭টায় নগর পরিক্রমা কীর্ত্তন, বিকেল ৫টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ অনুষ্ঠিত হবে, যা পরিবেশন করবেন শ্রীযুক্ত সুদীপ কুমার চৌধুরী। রাত ৮টায় ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এতে কীর্ত্তন পরিবেশন করবেন গৌর সুন্দর দাস বাবাজী (জকিগঞ্জ, সিলেট)।
২ জানুয়ারি (শুক্রবার) ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে ষোল প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব চলবে ৩ জানুয়ারি (শনিবার) পর্যন্ত।
মহোৎসব চলাকালে প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন এবং দুপুর ২টা থেকে সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী নব গৌর সুন্দর সম্প্রদায় (নড়াইল), শ্রীশ্রী মা আনন্দময়ী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী নব সখী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী শ্রীজন কৃষ্ণ সম্প্রদায় (ব্রাহ্মণবাড়িয়া) এবং শ্রীশ্রী ভক্ত গোপাল সম্প্রদায় (হবিগঞ্জ)।
আগামী ৪ জানুয়ারি (রবিবার) সকাল ৮টায় দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপনের মধ্য দিয়ে মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে। সমাপনী কীর্ত্তন পরিবেশন করবেন গৌর সুন্দর দাস বাবাজী (জকিগঞ্জ, সিলেট)।
ষোল প্রহরব্যাপী এই হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য দেউলগ্রামস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার শ্রীগুরু চরণাশ্রিত শ্যামলী দাসী ভাণ্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




