সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৪ AM

সাংবাদিকতার ঐক্য ও সম্প্রীতি আরও জোরদারের প্রত্যয়

সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৯:৪০:১৬ PM

সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ছবি:সংগৃহীত- নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের কাছে দাপ্তরিক কাগজপত্র ও ফাইল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর


সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি (২০২৬-২৭) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এ উপলক্ষে সিলেটের সাংবাদিকতার বিদ্যমান ঐক্য, সম্প্রীতি ও সংহতি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়-এটি সত্যের সন্ধান, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার মহান দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই সাংবাদিকরা পেশাগত ঐক্য, নৈতিক দৃঢ়তা ও দেশপ্রেমের বন্ধনে আবদ্ধ।

নেতৃবৃন্দ সত্যের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সাংবাদিকতার মর্যাদা অটুট রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন উভয় কমিটির নেতারা।

বিদায়ী সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য ইকবাল সিদ্দিকী, বিদায়ী সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, বিদায়ী সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদায়ী কোষাধ্যক্ষ আনিস রহমান, নবনির্বাচিত কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের কাছে দাপ্তরিক কাগজপত্র ও ফাইল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ