ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কোরআন শেষে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। কোরআন তেলাওয়াত করেন সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমদ আমুকুনী।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। অন্যায়ের সঙ্গে আপস না করার দৃঢ়তা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’ তিনি আরও বলেন, অসীম ধৈর্য, প্রজ্ঞা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণে দেশনেত্রী খালেদা জিয়া চিরদিন মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন।’
দোয়ার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত ও আব্দুর রকিব তুহিনসহ বিএনপি, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এছাড়া হাওয়াপাড়া জামে মসজিদ, নাইওরপুর জামে মসজিদ, সোবহানীঘাট জামে মসজিদসহ সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, নগরীর আখালিয়া, মদিনা মার্কেট, টিলাগড়সহ বিভিন্ন মার্কেটের সভাপতি-সাধারণ সম্পাদক ও দোকান মালিকরা দোয়া মাহফিলে অংশ নেন।
মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদীসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আন্দোলনে আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়া মাহফিলে বাগবাড়ি এতিম স্কুল ও নগরীর বিভিন্ন এতিম মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




