ছবি:সংগৃহীত
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিজের ব্যক্তিত্ব, পরিমিতিবোধ ও সংযত আচরণের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব শ্রেণি-পেশার মানুষের হৃদয় জয় করেছিলেন। তার আচার-আচরণ, ব্যবহার ও কথাবার্তা শান্তিকামী জনগণকে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেওয়া ছিল বেগম খালেদা জিয়ার জীবনের এক অনন্য দৃষ্টান্ত। আপসহীন নেতৃত্ব, দৃঢ় অবস্থান এবং জনগণের প্রতি দায়িত্ববোধের কারণে বারবার নিপীড়ন ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনো তার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।
খন্দকার মুক্তাদির মঙ্গলবার (১৩ জানুয়ারি) দক্ষিণ সুরমার মোমিনখলাসহ নগরীর বিভিন্ন স্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং নিস্বার্থ পরিবারের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ সংলগ্ন চান্দের হাটে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেন এবং গণতন্ত্রের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসনামলে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে একই সঙ্গে তার শাসনকাল রাজনৈতিক সংঘাত ও দুর্নীতির অভিযোগে বিতর্কিতও ছিল, যা তাকে সমর্থক ও সমালোচক—উভয় শ্রেণির মধ্যেই আলোচিত ব্যক্তিত্বে পরিণত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম।
বিএনপির মোমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাসান সাহেদের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আবুল কালাম প্রমুখ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আশফাক আহমদ। দোয়া পরিচালনা করেন মোমিনখলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




