ছবি:সংগৃহীত
হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে ভারতীয় জিরা পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে জব্দ করা হয়েছে একটি ট্রাকভর্তি বাংলাদেশি তরমুজও।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল মাধবপুর উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়ক এলাকায়, সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক চারটার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকভর্তি তরমুজের নিচে অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যগুলো দেশের অভ্যন্তরের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা অবৈধ জিরা ও তরমুজ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
এছাড়া চোরাচালান রোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




