হবিগঞ্জ–৪ আসনে ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ AM

হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ

হবিগঞ্জ–৪ আসনে ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১০:১২:০২ PM

হবিগঞ্জ–৪ আসনে ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ২৮টি চা বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার ১০ নম্বর চা বাগান মাঠে এ সমাবেশ হয়, যা স্থানীয় রাজনীতিতে চা শ্রমিকদের অন্যতম বৃহৎ জমায়েত হিসেবে আলোচিত হচ্ছে।

সমাবেশে চুনারুঘাট উপজেলার ২৩টি এবং মাধবপুর উপজেলার ৫টি চা বাগান থেকে কয়েক হাজার নারী-পুরুষ চা শ্রমিক অংশ নেন। ব্যানার, ফেস্টুন, ঢাকঢোল ও বাদ্যযন্ত্রসহ মিছিল করে তারা সভাস্থলে প্রবেশ করেন। পুরো মাঠজুড়ে ছিল ধানের শীষের প্রতীকসংবলিত পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড। উপস্থিত শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি ছিলেন চা শ্রমিকদের পরিচিত নেতা সৈয়দ শাফকাত আহমেদ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন চা বাগান কমিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সমাবেশে ২৮টি চা বাগানের নেতৃবৃন্দ বলেন, এর আগে এত বড় পরিসরে চা বাগানভিত্তিক কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি। তারা দাবি করেন, প্রায় ৭৫ হাজার ভোটার নিয়ে গঠিত এই ২৮ চা বাগানের শ্রমিকরা দলমত নির্বিশেষে নিজেদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।

চা শ্রমিক নেতা অবিরত বাক্তি বলেন, ‘দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা সংকটে ভুগছে। আজ আমরা শুধু ভোট দেওয়ার জন্য নয়, নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একত্র হয়েছি।’

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও বহু মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, ‘চা শ্রমিকদের প্রধান সমস্যাগুলো হলো নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করব।’ তিনি বাগান এলাকায় উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আমি সবসময় চা শ্রমিক ভাই-বোনদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তাদের দারিদ্র্য বিমোচনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ তিনি শ্রমিকদের ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চা বাগানভিত্তিক ভোটারদের এই ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: