মাওলানা তাহেরীর শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে বিতর্ক
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ AM

মাওলানা তাহেরীর শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে বিতর্ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৪:৩০:৫১ PM

মাওলানা তাহেরীর শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে বিতর্ক

সংগৃহীত


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনে ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াসউদ্দিন তাহেরীর শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের সমর্থন আদায়ের উদ্দেশ্যে তিনি নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় শ্বশুরবাড়ির প্রকৃত ঠিকানা এড়িয়ে ভিন্ন ঠিকানা উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর প্রকৃত শ্বশুরবাড়ি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর (বেঙ্গাডুবা) এলাকায়। প্রায় ১৫ বছর আগে তিনি ওই এলাকার একটি সম্মানিত পীর পরিবারে বিয়ে করেন—এ তথ্য দীর্ঘদিন ধরেই স্থানীয়দের কাছে পরিচিত। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া আয়–ব্যয়ের বিবরণীতে তিনি শ্বশুরবাড়ির ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন চুনারুঘাট উপজেলার কাশিপুর গ্রামকে।

দুই উপজেলার দুটি কাশিপুর—নামে মিল থাকলেও অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এই পার্থক্য ঘিরেই বিভ্রান্তি তৈরি হয়েছে। স্থানীয় অনেক বাসিন্দার ধারণা, এটি কেবল কাগুজে ভুল নয়; বরং নির্বাচনী হিসাব-নিকাশের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে যেসব ভোটার প্রার্থীর পারিবারিক পরিচয় ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেন, তাদের মধ্যে বিষয়টি সন্দেহের জন্ম দিয়েছে।

মাধবপুর উপজেলার কাশিপুর (বেঙ্গাডুবা) এলাকার বাসিন্দা শাহিন মিয়া বলেন, “আমরা জানি মাওলানা গিয়াস উদ্দিন  তাহেরীর শ্বশুরবাড়ি আমাদের এলাকাতেই। কিন্তু ভিন্ন ঠিকানা ব্যবহারের খবর শুনে আমরা হতাশ হয়েছি। একজন ধর্মীয় বক্তা ও আলেমের কাছ থেকে আরও স্বচ্ছতা প্রত্যাশিত ছিল।তিনি জেনেশুনে এটি করেছেন।

এ বিষয়ে প্রখ্যাত পীর যুবায়ের কামাল উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাজনীতিতে আসা মানে শুধু ভোট চাওয়া নয়; সত্য ও নৈতিকতার মানদণ্ড রক্ষা করাও জরুরি। ঠিকানা সংক্রান্ত এমন অস্পষ্টতা মানুষের বিশ্বাসে চিড় ধরাতে পারে।”এ ব্যাপারে এমপি প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ: