নিজস্ব
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনের মোট ভোটকেন্দ্রের ৩৪ শতাংশকে ‘অত্যাধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অতীতে যেগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হতো, এবার নির্বাচন কমিশন সেই শব্দের পরিবর্তে ব্যবহার করছে ‘অত্যাধিক গুরুত্বপূর্ণ’ পরিভাষা।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন নং ২৪২–এ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। দুই উপজেলায় মোট ১৮৩টি ভোটকেন্দ্রে নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলায় ৯৪টি কেন্দ্রের মধ্যে ২৫টি এবং চুনারুঘাটে ৮৯টি কেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্রকে অত্যাধিক গুরুত্বপূর্ণ হিসেবে সনাক্ত করা হয়েছে। অর্থাৎ দুই উপজেলায় মোট ৬৩টি কেন্দ্র বিশেষ নজরদারির আওতায় রয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় ৩৪ শতাংশ।
চুনারুঘাট উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন ২১টি কেন্দ্র এবং মাধবপুর উপজেলার ৬টিসহ মোট ২৭টি কেন্দ্রে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।
২৮টি চা বাগান নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। এর মধ্যে মাধবপুর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯০৭ জন এবং চুনারুঘাট উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৮০৪ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং মো. জাহিদ বিন কাশেম জানান, ইতোমধ্যে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রায় ২ হাজার ৩০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
জৈন্তাবার্তা/সুলতানা




