ছবি:সংগৃহীত
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে নির্বাচনকে প্রভাবিত করতে একটি রাজনৈতিক দল অবৈধ কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। তিনি দাবি করেন, কালোটাকা ছড়িয়ে ভোটের ফল প্রভাবিত করার পাশাপাশি ধর্মীয় আবেগকে ব্যবহার করে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
এক প্রতিক্রিয়ায় জিকে গউছ বলেন, গণমাধ্যমের খবরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ অর্থসহ রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে হবিগঞ্জে এখনো সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, যেকোনো অনিয়ম বা দুষ্কর্ম কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, নারী ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




