সিলেটে ট্রাফিক বিভাগের কল্যাণ সভা: অপেশাদার আচরণে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৪ PM

সিলেটে ট্রাফিক বিভাগের কল্যাণ সভা: অপেশাদার আচরণে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৪:০২:৪৯ PM

সিলেটে ট্রাফিক বিভাগের কল্যাণ সভা: অপেশাদার আচরণে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সংগৃহিত


সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, কোনো পুলিশ সদস্য যদি কারও সঙ্গে অপেশাদার আচরণ করেন, তাহলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সকল পুলিশ সদস্যকে সতর্ক থাকার পাশাপাশি নির্ধারিত ড্রেসকোড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে পুলিশ লাইন্সের হলরুমে সিলেট মহানগর ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করা এবং জনদুর্ভোগ কমাতে ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান একটি ইউনিট। এখানে ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি দায়িত্বে অবহেলা বা অনিয়মের জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে।

সভায় যানবাহন নিয়ন্ত্রণ, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে অবদান রাখায় ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার।

এসময় তিনি ট্রাফিক বিভাগের সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মাসুদ রানা, এডিসি ট্রাফিক গৌতম দেবসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: