সিলেটে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৫ PM

সিলেটে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৬:৩৩:৩৯ PM

সিলেটে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ছবি:সংগৃহীত


সিলেটে একটি চিহ্নিত চাঁদাবাজ চক্রের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এয়ারপোর্ট থানার ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ জনগণ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হিংগারপুল পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী বুলবুল মিয়ার সভাপতিত্বে এবং মো. আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট থেকে সালুটিকর অংশের ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গভীর ষড়যন্ত্র চলছে। সিলেটের একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সিলেটবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক ব্যবসার অপতথ্য ছড়ানো হচ্ছে, যার কোনো বাস্তবভিত্তি নেই। তারা বিভিন্ন স্থান থেকে নেশাজাতীয় পানীয়ের খালি বোতল সংগ্রহ করে চা-দোকানের আশপাশে ফেলে রেখে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, হিংসা এবং চাঁদাবাজির উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।

এ সময় বক্তারা এসব অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পুলিশ প্রশাসনসহ সিলেটবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী বাবর মিয়া, ইলাস মিয়া, আব্দুন নূর মিয়া, কলমদর মিয়া, মুজিব মিয়া, জাবেদ মিয়া, খলিলুর রহমান, বুরহান উদ্দিন, খোকন মিয়া, মাহমুদ মিয়া, হেলাল আহমদ, মনোয়ার হোসেন, চুনু মিয়া, কামাল মিয়া, রকিব মিয়া, মুরাদ মিয়া, আল-আমীন হোসেন, ইরমান মিয়া, আব্দুল হামিদ, আব্দুল আহাদ, মখলিছুর রহমান, জাহাঙ্গীর আলম, ছরু মিয়া, আব্দুস শুকুর, শিপন আহমদসহ ধোপাগুল, উমদারপুর, আটকিয়ারি, লালবাগ, রঙ্গিটিলা, সিঙ্গারপুল ও পাগলামোরা এলাকার সর্বস্তরের জনগণ।

সভায় বক্তারা অবিলম্বে এ ধরনের অপতৎপরতা বন্ধের দাবি জানান। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি এয়ারপোর্ট থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতি পুরো ঘটনাটি তদন্ত করে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: