ছবিঃ নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন প্রকল্পের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাকচালকদের মারধর ও ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্হানীয় রহমত মারুফ নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘেরসড়ক (লামাকুটাপাড়া) গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) পানি উন্নয়ন প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের চালক হিসেবে গত দুই থেকে তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই হাটিরগ্রাম এলাকায় কাজ করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নদী খননের মাটি ট্রাকে করে বেরিবাঁধে নেওয়ার পথে বিরাখাই হাটিরগ্রাম এলাকায় বিবাদীদের বাড়ির সামনে পৌঁছালে রহমত মারুফ (২৫) ও তার পিতা জামাল আহমদ (৫৫) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন ট্রাকগুলোর গতিরোধ করে।
এসময় তারা চালক ও শ্রমিকদের টানা-হেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে গালিগালাজ করতে থাকে।একপর্যায়ে রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ করতে হলে তাকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় ট্রাক দিয়ে নদী খননের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ট্রাকের গ্লাস ভেঙে দেয়।ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত রহমত মারুফকে আটক করে। আটক রহমত মারুফ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত এবং জুলাই ২৪এর গণঅভ্যুত্থানে নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দিতেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিককের অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।
জৈন্তাবার্তা/সুলতানা




