আগামী ৫ বছর হবে উন্নয়ন ও অগ্রগতির- এমপি তাহসিনা রুশদী লুনা
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৩ PM

বিশ্বনাথে বিএনপির ইফতার মাহফিল

আগামী ৫ বছর হবে উন্নয়ন ও অগ্রগতির- এমপি তাহসিনা রুশদী লুনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ১১:৫০:৩৭ PM

আগামী ৫ বছর হবে উন্নয়ন ও অগ্রগতির- এমপি তাহসিনা রুশদী লুনা

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য এবং নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, আগামী পাঁচ বছর হবে উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সময়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদী লুনা বলেন, নতুন সরকারের বয়স মাত্র কয়েকদিন। জনগণ যে প্রত্যাশা নিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন দুর্নীতি বা দখলবাজীর সঙ্গে যুক্ত না হন। তিনি বলেন, ‘আমরা এই জনপদকে দুর্নীতিমুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এম. ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব দিয়ে। ইতোমধ্যে খাল খনন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও কাজ চলমান রয়েছে। বিশ্বনাথ ও ওসমানীনগরকে শান্তি, মানবিকতা ও উন্নয়নের মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। স্বাগত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা আল ইসলাহ’র সেক্রেটারি মাওলানা মাহবুবুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সমন্বয়ক মাওলানা মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: