ছবি:সংগৃহীত
সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সাম্প্রতিক গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বৃহস্পতিবার (৫ মার্চ) ১৫ রমজান বিকেলে সিলেট নগরীর তালতলার গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান কুরআন নাজিলের মাস। এই মাসে কুরআনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে মানুষকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে। তিনি বলেন, সদ্যসমাপ্ত গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। দেশবাসী অধীর আগ্রহে এ দুই বিষয় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তাই সরকারকে দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুসা, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর খান এবং সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা গাজী রহমাতুল্লাহ, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, ক্বারী উবায়দুর রহমান, ক্বাযী জুনায়েদ আহমেদ, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ছানা উল্লাহ, সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিশিষ্ট লেখক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




