জকিগঞ্জে রাস্তার ইট লু*টের অভিযো*গে যুব জামায়াত নেতাসহ আট*ক ৬
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৩ PM

জকিগঞ্জে রাস্তার ইট লু*টের অভিযো*গে যুব জামায়াত নেতাসহ আট*ক ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০১:৩১:৫০ PM

জকিগঞ্জে রাস্তার ইট লু*টের অভিযো*গে যুব জামায়াত নেতাসহ আট*ক ৬

ছবি:সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ইটও উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সড়কের ইটগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু ইট সংরক্ষিত থাকলেও অধিকাংশ ইট লুটপাটের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে লুট হওয়া ইট উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

মাহফুজুল ইসলাম চৌধুরীর আটকের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইট লুটপাটের ঘটনার বিরুদ্ধে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন। বৃহস্পতিবারও তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘লড়াই চলবে, কোনো আপস নয়। সত্য এবার প্রমাণিত হবেই।’

এ বিষয়ে উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, মাহফুজুল ইসলামকে আটকের ঘটনা মূলত ভুল বোঝাবুঝির ফল। তাঁর দাবি, মাহফুজ ইট লুটপাট ঠেকাতে সক্রিয় ছিলেন এবং ইটগুলো যাতে লুট না হয়, সে জন্য নিজের জিম্মায় রেখেছিলেন। তবে এ কাজে স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারকে সম্পৃক্ত করলে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সুরমা নদীর বাঁধ মেরামতের কাজের জন্য ওই সড়কে মাটি ভরাট করা হচ্ছে। এ কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে আগে থেকেই সড়কের ইট খুলে মাদ্রাসার মাঠে সংরক্ষণ করার কথা ছিল। তবে এর মধ্যেই বেশির ভাগ ইট লুট হয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করেন, সরকারি প্রকল্পের ওই সড়ক থেকে প্রায় ১৫ লাখ ইট রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনওর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালানো হয়। অভিযানে মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র এলাকার বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশ থেকে কয়েক লাখ ইট উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, রাস্তার ইট লুটের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: প্রথম আলো

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: