পণতীর্থ স্মৃতিধামে মহাবারুণী স্নান মহোৎসব ১৬ মার্চ
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৭ PM

পণতীর্থ স্মৃতিধামে মহাবারুণী স্নান মহোৎসব ১৬ মার্চ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ১১:৫৯:০০ PM

পণতীর্থ স্মৃতিধামে মহাবারুণী স্নান মহোৎসব ১৬ মার্চ

ছবি:সংগৃহীত


মহাবিষ্ণুর অবতার (সদাশিব) শ্রীল অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পণতীর্থ স্মৃতিধামে মহাবারুণী স্নান মহোৎসবের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট বিভাগের উদ্যোগে এ মহোৎসব সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গড়কাঠি বাদাঘাট এলাকায় অবস্থিত পণতীর্থ স্মৃতিধামের শ্রীশ্রী রাধা-মদনগোপাল জিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৫ মার্চ রোববার শ্রীশ্রী পাপমোচনী একাদশী পালন করা হবে। পরদিন ১৬ মার্চ সোমবার সকাল ৮টা ২৮ মিনিট ৩৮ সেকেন্ডে শ্রীশ্রী গঙ্গাপূজা ও আরতি অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় বৈদিক হোমযজ্ঞ, দুপুর দেড়টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৪টায় ধর্মসভা অনুষ্ঠিত হবে।

ধর্মসভায় সভাপতিত্ব করবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া রাত ১০টায় বৈদিক নৃত্যানুষ্ঠান এবং রাত সাড়ে ১১টায় কীর্তন মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, মহাবারুণী স্নানের শুভযোগ শুরু হবে ১৬ মার্চ সোমবার বিকেল ৩টা ৫২ মিনিট থেকে এবং তা চলবে রাত ৫টা ৩১ মিনিট পর্যন্ত। এছাড়া অমৃত যোগ থাকবে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৮টা ২৪ মিনিট থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে ১৬ মার্চ সোমবার সকাল ৮টা ২৮ মিনিট ৩৮ সেকেন্ড থেকে শুরু হয়ে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৮টা ৩৭ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ