সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪১)। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। বিকেল সাড়ে ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি গেটলক বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৮২৩) তল্লাশি চালিয়ে জাকিরকে আটক করে। তার দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় তিন বোতল ৭৫০ মিলি ওজনের রয়েল স্ট্যাগ ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
জৈন্তা বার্তা/আরআর




