আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অবৈধভাবে ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি পার্কিং এবং রাস্তার ওপর স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে থাকায় সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার গোয়ালাবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে রাস্তার ফুটপাতজুড়ে সামিয়ানা নির্মাণ করে দোকান পরিচালনা করায় শেখ মো. আরিফের পরিচালিত অভিজাত ডিপার্টমেন্টাল মোহনলাল নামক প্রতিষ্ঠানকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে গোয়ালাবাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ফুটপাতের ওপর থাকা ভাসমান ফলসহ বিভিন্ন অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। ওসমানীনগর থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে ফুটপাত দখল করে দোকান পরিচালনা না করার জন্য সতর্ক করেন।
জৈন্তা বার্তা/আরআর




