সংগৃহিত
সিলেট নগরীর মধুশহীদ এলাকায় অবস্থিত বেসরকারি শাহজালাল হসপিটাল-এ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে অংশ নেয় সিলেট জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় এবং মহানগর পুলিশের একটি দল।
জানা যায়, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। সম্প্রতি অপচিকিৎসার অভিযোগে এক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
অভিযানের সময় বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—চিকিৎসা কার্যক্রম চলাকালীন নির্মাণকাজ পরিচালনা, অপারেশন থিয়েটারের রেজিস্ট্রি সঠিকভাবে সংরক্ষণ না করা এবং প্রশিক্ষণহীন শিক্ষার্থীদের দিয়ে নার্সিং সেবা পরিচালনা।
এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার মো. তানভীর হোসেন সজিব হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




