প্রবীণদের মর্যাদা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: সারওয়ার আলম
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ AM

‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক সেমিনার

প্রবীণদের মর্যাদা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: সারওয়ার আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১১:৪১:০৪ PM

প্রবীণদের মর্যাদা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: সারওয়ার আলম

ছবি:সংগৃহীত


প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম।

বুধবার (৮ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সেখঘাটস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোঃ সারওয়ার আলম বলেন, ষাট বছর বা তার ঊর্ধ্বে বয়সী ব্যক্তিরা প্রবীণ হিসেবে বিবেচিত এবং সমাজে তাদের অবস্থান সর্বোচ্চ সম্মানের। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে-আমরাও একদিন প্রবীণ হবো। তাই প্রবীণদের সম্মান করলে ভবিষ্যতে আমরাও সেই সম্মান পাওয়ার প্রত্যাশা করতে পারি।’

তিনি প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পেনশন-সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঘরোয়া ও প্রাতিষ্ঠানিক সেবার সম্প্রসারণ, পরিবার ও কমিউনিটির সক্রিয় ভূমিকা এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে সেবা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রবীণদের বিনোদন ও মানসিক প্রশান্তির জন্য সিলেটে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খাদিমনগরে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সংস্থার জন্য বরাদ্দকৃত দুই একর জায়গায় একটি আধুনিক হাসপাতাল ও বিনোদনকেন্দ্র স্থাপন করা যেতে পারে। এ ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

সেমিনারে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক মোহাম্মাদ শহীদুল ইসলাম।

আলোচনায় অংশ নেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুবিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেটের সভাপতি মো. জামিল আহমদ চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তালেব মুরাদ, মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. বশির আহমদ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন, প্রোগ্রাম অর্গানাইজার পিংকু আব্দুর রহমান এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কামাল হোসেইনসহ অনেকে।

বক্তারা বলেন, প্রবীণদের জন্য প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি, কমিউনিটি-ভিত্তিক কেয়ার সেন্টার স্থাপন, নিয়মিত স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং কার্যক্রম চালু রাখা জরুরি। পাশাপাশি প্রবীণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং আইনগত অধিকার সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ