ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ AM

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা- দিল্লির অগ্রগতি

ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ০৯:৩৮:০৬ PM

ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত

সংগৃহিত


বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। বুধবার দিল্লিতে খলিলুর রহমান ও এস জয়শঙ্কর–এর বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।

দিল্লি সফরের দ্বিতীয় দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি পর্যায়ের আলোচনার পাশাপাশি তারা একান্ত বৈঠকেও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে কথা বলেন।

বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈঠক শেষে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, বিদ্যমান কাঠামোর আওতায় অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠকের আশা করা হচ্ছে।

আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতেও মতবিনিময় হয়। একই সঙ্গে একটি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে ভারতকে ধন্যবাদ জানায় বাংলাদেশ এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

এ ছাড়া, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–কে দেশে ফেরত পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পারস্পরিক আস্থা, সম্মান ও সমান সুবিধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। খলিলুর রহমান বলেন, নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ

একই দিনে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী–এর সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। তিনি বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ করেন। পাশাপাশি সার সরবরাহ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

ভারতীয় মন্ত্রী এ বিষয়ে ইতিবাচকভাবে দ্রুত বিবেচনার আশ্বাস দেন। উভয় পক্ষই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ