সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওরের মাটিকাঁপা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম দিলারা বেগম (৫৪)। তিনি মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। আর গুরুতর আহত হয়েছে তার নাতনি হাবিবা আক্তার (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।
চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।
ঘটনার খবর পেয়ে এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
জৈন্তাবার্তা / আরআর




