সিলেটের গোলাপগঞ্জে মানব কল্যাণ পরিষদ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় এলাকার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং বর্তমান সামাজিক বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শাহাদত হোসেন এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন ছয়ফুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল ফাত্তাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছালিক আহমেদ চৌধুরী ও মিনহাজ আহমেদ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুক্তার আহমদ, ফারুক আল মাহমুদ, হানিফ আহমদ, সুমন আহমদ, মাহতাবুর রহমান, মাওলানা আব্দুর রহমান, আব্দুল হক, জাকির আহমদ, ফয়সল আহমদ সাজু, জিতেন দাস জিতু, মনসুর আহমদ, শিপু আহমদ, আনহার আহমদ ও মাওলানা আব্বাস আল মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মানব কল্যাণ পরিষদের সহ-সভাপতি আবুল মুমিন খান সাবু ও প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমদ মাস্টার। বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী পড়াশোনার চেয়ে মোবাইল ফোনে বেশি সময় কাটাচ্ছে। অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্ব দিতে হবে। ভালো শিক্ষার্থী ও দক্ষ শিক্ষকদের নিয়ে কাজ করলে গোলাপগঞ্জের শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে।
জৈন্তাবার্তা / আরআর




