সংগৃহিত
সিলেটের ওসমানীনগর-এ প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকাল ৪টায় ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রয়াত হারুন রশিদ ছিলেন ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক যায়যায় দিন ও স্থানীয় দৈনিক বিজয়ের কণ্ঠ-এর ওসমানীনগর প্রতিনিধি এবং জনপ্রিয় ফেসবুকভিত্তিক গণমাধ্যম মায়ার টিভি-এর পরিচালক। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
দোয়া মাহফিলে প্রেসক্লাব নেতৃবৃন্দ, দাতা সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মরহুম হারুন রশিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন সাহসী, নিষ্ঠাবান ও দায়িত্বশীল একজন সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন থেকে কাজ করে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি হারুন রশিদ সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু সাংবাদিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন বক্তারা।
ওসমানীনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সদস্য আব্দুস শহিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— প্রেসক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম ও এস.এম মাসুদ, সাবেক সভাপতি শরিফ আহমদ চৌধুরী, ওসমানীনগর ইমাম সমিতির সহ-সভাপতি মোনতাছিম বিল্লাহ জালালী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ ইব্রাহীম খান ইমন, আমাদের টিভির পরিচালক সৈয়দ মোফাজ্জল আলী, ওসমানীনগর টাইমসের পরিচালক সুয়েবুর রহমান, মরহুমের সহোদর মাছুম আহমদ, পুত্র সাইদুল ইসলাম মিলাদ, সাংবাদিক আব্দুর রকিব আনু, হাবিবুর রহমান বাবুল, ফজলু মিয়া, হাবিবুর রহমান উজ্জ্বল, সমাজসেবী ডা. জুবায়ের আহমদ, অয়েছ মিয়া, প্রেসক্লাব সদস্য নাজমুল ইসলাম, জুয়েল আহমদ ও পত্রিকা এজেন্ট আব্দুস ছালামসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম হারুন রশিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান
জৈন্তা বার্তা /ওয়াদুদ




