বড়লেখা পৌরশহর এখন সিসিটিভি ক্যামেরার আওতায়
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ PM

বড়লেখা পৌরশহর এখন সিসিটিভি ক্যামেরার আওতায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৮:৫১:৫৯ PM

বড়লেখা পৌরশহর এখন সিসিটিভি   ক্যামেরার আওতায়

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন ও সেন্ট্রাল সার্ভার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। 

নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বড়লেখা পৌরশহর গড়ার লক্ষ্যে হাজীগঞ্জ বাজার ও পৌর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী ও পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে

(জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর ব্যক্তিগত বরাদ্দে  বড়লেখার গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসাকেন্দ্র, জনসমাগমস্থল এবং প্রবেশ ও বহির্গমন পয়েন্টে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা কেন্দ্রীয়ভাবে সংযুক্ত থাকায় সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বড়লেখা থানা প্রাঙ্গণে সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ভার স্টেশনের উদ্বোধন করেন মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার বিকল্প নেই। বাজার ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সড়ক দুর্ঘটনা, যানজট নিয়ন্ত্রণ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দ্রুত অপরাধী শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হবে।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখাকে একটি আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন সেই প্রচেষ্টারই একটি অংশ। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখতে এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়, এর সঙ্গে জনগণেরও সম্পৃক্ততা প্রয়োজন। আধুনিক এই নজরদারি ব্যবস্থা অপরাধ দমনে যেমন সহায়ক হবে, তেমনি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করবে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বড়লেখা বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই দীর্ঘদিন ধরেই একটি আধুনিক নজরদারি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। বড়লেখা পৌরশহর এখন সিসিটিভি ক্যামেরার আওতা দিন তাকায় ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপদ পরিবেশে লেনদেন করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ