ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২৯ PM

ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৯:৫১:২৯ PM

ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ

ছবি:সংগৃহীত


যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহার এবং গাড়ির ফিটনেস ঠিক থাকলেই সিলেট নগরীতে মিলছে মিষ্টিমুখের সুযোগ। ট্রাফিক আইন মেনে চলা চালকদের উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর ট্রাফিক পুলিশ।

রোববার (১৪ জুন) থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ-২০২৬ উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশ নেয় সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মদনমোহন কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রোববার সকালে সিলেট মহানগর পুলিশ লাইন্সে উদ্বোধনী অনুষ্ঠানের পর নগরীতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। আগামী ২০ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ট্রাফিক সপ্তাহ পালন করা হবে।

অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত কমিশনার এনামুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে পথচারীদের ফুটপাত ব্যবহার, ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে চলাচল, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার এবং চলন্ত যানবাহনে ওঠানামা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘আজকের কর্মসূচিতে কোথাও ফুল বিতরণ করা হয়নি। যারা ট্রাফিক আইন মেনে চলেছেন, বৈধ কাগজপত্র সঙ্গে রেখেছেন এবং নিয়ম মেনে গাড়ি চালিয়েছেন, তাদের মিষ্টিমুখ করানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘র‌্যালিতে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, মদনমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অংশ নিয়েছেন।’

অভিযান প্রসঙ্গে তিনি জানান, ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক যানবাহনগুলো রেকার করা হয়েছে এবং যেসব চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ট্রাফিক পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ নগরবাসীর প্রশংসা পেয়েছে। অনেকেই মনে করছেন, শাস্তির পাশাপাশি এমন ইতিবাচক উদ্যোগ মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা আরও বাড়াবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ