ছবি:সংগৃহীত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নতুন চেয়ারম্যান (২য় গ্রেড) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার (১৪ জুন) তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র জমা দেন। এর আগে গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাঁকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় তাঁর যোগদান সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও দেশের আরও সাতটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা একই দিনে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন। তারা হলেন-খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মো. আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের মো. শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের উতবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাসুকুল ইসলাম রাজিব।
এদিকে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে নতুন চেয়ারম্যানদের গাড়ি বহর ও সচিবালয়ে প্রবেশের সুবিধা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অধিশাখা এবং উপপুলিশ কমিশনার (সচিবালয়)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যানরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামীকাল সোমবার মন্ত্রণালয়ে চেয়ারম্যানদের সঙ্গে মন্ত্রীর একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




