ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন এবং সিলেট মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারের শিল্পনীতি ও নগর নিরাপত্তা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২২ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিকের নতুন ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) হেডকোয়ার্টার্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বিসিকের সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের লক্ষ্য এ অবদানকে ৫০ শতাংশে উন্নীত করা।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় অধিক জ্বালানি-নির্ভর শিল্পের পরিবর্তে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিল্প খাতের জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশে প্রতিদিন প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার সম্ভব। স্টোরেজ সুবিধা থাকলে সন্ধ্যার পিক আওয়ারেও সৌরবিদ্যুৎ ব্যবহার করা যাবে। সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতের লোডশেডিং সংকট অনেকাংশে কমে আসবে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে ধানের তুষ ও কয়লা ব্যবহারের বিষয়েও রূপরেখা তৈরি করা হচ্ছে।
নতুন উদ্বোধন করা বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টারে সিলেটে উৎপাদিত ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশ-বিদেশে বাজার সম্প্রসারণে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অন্যদিকে, শনিবার এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, সিলেট একটি শান্তিপ্রিয় ও আধ্যাত্মিক নগরী। এখানে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না। এসব সামাজিক ব্যাধি একসময় মারাত্মক অপরাধে রূপ নিচ্ছে এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এসএমপি কমিশনারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আইন অনুযায়ী কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। দল-মত নির্বিশেষে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
জবাবে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মহানগরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাৎক্ষণিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নীতির আওতায় বাংলাদেশের ওপর সাধারণ শুল্কের বাইরে অতিরিক্ত ১০ শতাংশ ট্যারিফ প্রযোজ্য হয়েছে। অন্যান্য দেশের তুলনায় এ শুল্কহার অন্যতম সর্বনিম্ন হওয়ায় বাংলাদেশের রপ্তানি খাতের জন্য এটি তুলনামূলক স্বস্তিদায়ক।
ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামো খাতে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সুনির্দিষ্ট করতে এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথভাবে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ সময় তিনি সীমান্তের ল্যান্ডপোর্টগুলো দ্রুত পুরোপুরি সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান।
গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের মুক্তমনে প্রশ্ন করার অধিকার গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




