ছবি:সংগৃহীত
সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমদ (১৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল আহমেদ (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে বগুড়া জেলার নবীনগর থানাধীন লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল আহমেদ গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার জিয়াউর রহমানের ছেলে।
শনিবার (২২ আগস্ট) র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিহত রিফাত আহমদ চৌকিদেখীস্থ দ্বীপ শিক্ষা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ২১ জুলাই দক্ষিণ সুরমা থানাধীন এরিনা ফুটসাল ইনডোর মাঠে রিফাতের ফুটবল দলের সঙ্গে অপর একটি দলের খেলা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে খেলার সময় ফাউল করাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে রিফাত তার দল নিয়ে মাঠ থেকে চলে যেতে চাইলে প্রতিপক্ষ দলের সদস্যরা তাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাধা দেন। পরে রিফাত বিষয়টি তার বন্ধুদের জানায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিফাত কাজীরবাজার এলাকার সেলফি ব্রিজের ওপর পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা প্রতিপক্ষ দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলায় রিফাত গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে তার বন্ধু সাব্বির আহমদ, আব্দুস সামি ও রবিউল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশপাশের লোকজন আহত রিফাত ও অন্যদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রিফাতের মা বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সদর কোম্পানি ও সিপিসি-১, বগুড়ার একটি যৌথ দল বগুড়ায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আট নম্বর পলাতক আসামি জুয়েল আহমেদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




