সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ AM

সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১২:৩৬:০২ AM

সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ব্যাপকভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, আম্বরখানা পয়েন্ট থেকে দর্শন দেউড়ি হয়ে সুবিদবাজার পর্যন্ত একটি বড় আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ ড্রেন নির্মাণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট তিনটি ওয়ার্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও সহজ হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে আম্বরখানা থেকে দর্শন দেউড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, ‘আজ ছুটির দিন। সাধারণত শনিবার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি কাটানোর কথা। কিন্তু নগরীর উন্নয়নকাজ এগিয়ে নিতে আমরা রাত-দিন পরিশ্রম করছি। ছুটির দিনেও সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা কাজ করছেন। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে ড্রেন নির্মাণের কাজ চলছে।’

তিনি বলেন, শুষ্ক মৌসুম প্রায় চলে আসছে। সেপ্টেম্বর থেকে সাধারণত বৃষ্টিপাত কমে আসে। তাই এই সময়কে কাজে লাগিয়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে সড়ক ও ড্রেন নির্মাণকাজ ব্যাহত হয়। এ কারণে ছুটির দিনেও কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে উন্নয়নকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আম্বরখানা থেকে দর্শন দেউড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ড্রেনটি নির্মাণ হলে তিনটি ওয়ার্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি নগরীর জলাবদ্ধতা নিরসনেও এটি কার্যকর ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ড্রেন নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, দর্শন দেউড়ি–দরগাহ–পুলিশ লাইন সড়কের উন্নয়নকাজও শিগগির শুরু হবে। ইতোমধ্যে এ কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হলে নগরবাসীর চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সিসিক প্রশাসক বলেন, ‘আমরা নগরীর পানি নিষ্কাশনের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। কোনো রাস্তাঘাট যেন দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

নগরীর উন্নয়নকাজে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘সুন্দর, আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সিলেট নগরীর সড়ক, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করতে চাই।’

পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামছুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী খাদেমুল মুরসালিন খিয়াম, উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদার, ঠিকাদার মোহাম্মদ আব্দুল মুমিন মামুন, কার্যসহকারী মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ