ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টের তিন কর্মচারী আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাইওরপুল পয়েন্টের উৎসব রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার আজিমনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে টিটু মিয়া (২৫), সিলেটের গোলাপগঞ্জ থানার বানিগ্রাম এলাকার জয়নুল ইসলামের ছেলে মোরখোর আহমেদ (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মসকন্দপুর এলাকার আবদুল্লাহর ছেলে হাসান (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রেস্টুরেন্টের রান্নাঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় রান্নাঘরে থাকা তিন কর্মচারী আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, নাইওরপুল পয়েন্টের উৎসব রেস্টুরেন্টে চুলার আগুনে তিন কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ কী-তা খতিয়ে দেখা হচ্ছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




