গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি সিএনজি মালিকদের
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ PM

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভা

গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি সিএনজি মালিকদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৮:০৭:৩৭ PM

গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি সিএনজি মালিকদের

ছবি:সংগৃহীত


সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপে গ্যাসের চাপ স্বাভাবিক রাখা, প্রশাসনিক হয়রানি বন্ধ এবং দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সিলেট বিভাগের সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের উদ্যোগে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর শাহজালাল উপশহরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।

সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিমের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।

সভায় বক্তব্য দেন প্রফেসর সিরাজুল হক, কাজী মাহবুব হোসেন, জিহাদ আহমেদ, ফরহাদ আলী ইমন, লোকমান আহমদ মাছুম, সঞ্জয় দাস, জাবেদুর রহমান, ওয়ালি মাহমুদ, সাজুওয়ান আহমদ, আনহার উদ্দিন, সাইমুন আলম সেতু ও এস এম মনোয়ারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সিলেট বিভাগে সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ পরিচালনায় দীর্ঘদিন ধরে নানা সংকট চলছে। এর মধ্যে গ্যাস সরবরাহে মারাত্মক নিম্নচাপ, কমিশনসংক্রান্ত সমস্যা, প্রশাসনিক জটিলতা ও হয়রানি এবং ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা অন্যতম।

তারা বলেন, গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে মালিকদের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরাও। দ্রুত গ্যাস সরবরাহের চাপ স্বাভাবিক করার পাশাপাশি অযথা প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, মালিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে এসব দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।

দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে দেশের বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা।

সভায় সংগঠনের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এবং কনভার্সন ওয়ার্কশপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা ও করণীয় তুলে ধরেন।

সভা শেষে সংগঠনের ঐক্য বজায় রেখে মালিকদের স্বার্থসংশ্লিষ্ট সব সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ