ছবি:সংগৃহীত
দেশব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি’র দরগাগেট শাখার উদ্যোগে ‘ক্যাশলেস দরগাগেট’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার রোডে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দুপুরে ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের এজিএম মো. মাহবুব আহসান এবং দরগাগেট শাখার প্রধান ও এজিএম মোসা. মাকসুদা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে বাড়ছে ব্যাংকিং সেবার পরিধিও। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ব্যাংকিং সেবায় এসেছে নানা পরিবর্তন। ‘বাংলা কিউআর’, ‘পিওএস মেশিন’, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ ডিজিটাল লেনদেনের বিভিন্ন মাধ্যমের ব্যবহার সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার পরিকল্পনাকে আরও গতিশীল করবে।
ক্যাম্পেইনে উপস্থিত গ্রাহকদের বিনা মূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিকভাবে বিনা মূল্যে ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকের অ্যাপ নিবন্ধন, বায়োমেট্রিক নিবন্ধন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর-এর আবেদনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চৌকিদেখী শাখার ব্যবস্থাপক রাসেন্দ্র রায়, দরগাগেট ইসলামিক উইন্ডোর ব্যবস্থাপক মো. আমিনুজ্জামান খান, দরগাগেট শাখার অপারেশন ম্যানেজার মো. বদর উদ্দিন, এসপিও বিনায়ক চক্রবর্তী প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




