বাণিজ্য মেলার নিরাপত্তা চেয়ে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ PM

বাণিজ্য মেলার নিরাপত্তা চেয়ে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১০:২৮:৪৪ PM

বাণিজ্য মেলার নিরাপত্তা চেয়ে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ছবি:সংগৃহীত


সিলেটে আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলাটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের প্রশাসনিক ও আইনশৃঙ্খলাজনিত সহযোগিতা চেয়েছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI)।

এ বিষয়ে সিলেটে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে মেলা শুরুর আগে থেকে সমাপ্তি পর্যন্ত প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণ ও আশপাশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বিশৃঙ্খলা কিংবা জোরপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং উদ্যোক্তা, ব্যবসায়ী, দর্শনার্থী ও আয়োজকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংগঠনটি জানিয়েছে, সিলেটের শাহ ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি সিলেটের স্থানীয় ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, সৃজনশীলতা ও ব্যবসার সম্ভাবনা বৃহত্তর ক্রেতাদের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের মতে, মেলার মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি এবং সিলেটের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে।

স্মারকলিপিতে বলা হয়, মেলা আয়োজনের জন্য প্রশাসনিক অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। মেলার সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সম্মতি জানানো হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

তবে মেলা আয়োজনের বিষয়টি সামনে আসার পর সিলেটের কিছু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহল থেকে আপত্তি, অভিযোগ এবং মেলা বন্ধের দাবি ওঠার বিষয়টিও জেলা প্রশাসনের কাছে তুলে ধরেছে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থ ও উদ্বেগকে সম্মানের সঙ্গে বিবেচনা করা হলেও অনুমোদিত এ বাণিজ্যিক আয়োজন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, চাপ, প্রতিবন্ধকতা বা আইনশৃঙ্খলাজনিত সমস্যার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি থাকা জরুরি।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা স্বাক্ষরিত স্মারকলিপিতে আরও বলা হয়, সংগঠনটি কোনো পক্ষের সঙ্গে বিরোধে যেতে চায় না। আইন, বিধি-বিধান, পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে মেলাটি সফলভাবে সম্পন্ন করতে চায় তারা।

এ জন্য আগামী ১০ অক্টোবর থেকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে মেলা শুরু এবং মাসব্যাপী নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ ও প্রশাসনিক সহযোগিতা কামনা করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: