জগন্নাথপুরে দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ PM

জগন্নাথপুরে দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১১:০৩:২৪ PM

জগন্নাথপুরে দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়চর্চা ও নৈতিকতার বিকাশে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও কেশবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এসব স্টোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সকাল ১১টায় জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মো. ইসলাম উদ্দিন।

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইলিয়াছ উদ্দিন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ উপস্থিত ছিলেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন ইউএনও। এর আগে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।

অন্যদিকে, দুপুর ১টায় পৌরসভার কেশবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করেন ইউএনও মো. ইসলাম উদ্দিন। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান জোয়ারদার পলাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নোমান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, ভবিষ্যতে দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে ছাত্রজীবন থেকেই সততার অভ্যাস গড়ে তুলতে হবে। সততা স্টোর শিক্ষার্থীদের বিক্রেতাহীন দোকান থেকে পণ্য কেনার মাধ্যমে সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার বাস্তব শিক্ষা দেবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা গড়ে উঠলে ভবিষ্যতে তারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: