ছবি:সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, সারা দেশে কিছুসংখ্যক সন্ত্রাসী চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। দেশি-বিদেশি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তবে জিয়ার সৈনিক ও তরুণ প্রজন্ম এসব চক্রান্ত রুখে দেবে।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন, সর্বস্তরের জনগণকে সচেতন থাকতে হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের উদ্যোগে পরিকল্পিত নাশকতা, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান বলেন, গোলাপগঞ্জের মাটিতেই সাতজন ভাই শহীদ হয়েছেন। তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। তারা গণতন্ত্রের জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। সেই গণতন্ত্রের মাধ্যমেই আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি এবং আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আপনারা আমাকে দুই-তিন বছর সময় দিন। আমি এই দুই উপজেলাকে উন্নয়নের মাধ্যমে বদলে দেওয়ার চেষ্টা করব। গোলাপগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ সেতু, শরীফগঞ্জের সঙ্গে সংযোগ সেতু এবং বাঘা গ্রামের সঙ্গে সংযোগ সেতুর কাজ আমাদের মেয়াদেই শেষ করা হবে।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভাঙাচোরা রাস্তাঘাটের সংস্কারকাজ আগামী মাস থেকে পর্যায়ক্রমে শুরু হবে। শুধু রাস্তাঘাট নয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবনসহ জরাজীর্ণ অবকাঠামোরও পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।
বক্তব্যের শেষে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দল মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
এর আগে জনসভা উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোলাপগঞ্জ পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যুবদলের এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌরসভাসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




