ছবি:সংগৃহীত
সিলেট নগরীতে নি/ষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রে/প্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাঁকে গ্রে/প্তার করা হয়।
গ্রেপ্তার মাহফুজুর রহমানের (১৯) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগের রনখেলী গ্রামে। তাঁর বাবা হাফিজুর রহমান ও মা সীমা রহমান। তিনি বর্তমানে নগরীর কালীঘাট এলাকার আমজাদ আলী রোডে বসবাস করছিলেন।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, কোতোয়ালী মডেল থানার একটি মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৪৪। এটি গত ২৫ সেপ্টেম্বর দায়ের করা হয়।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ীর ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে মির্জাজাঙ্গাল পয়েন্টের দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলার তদন্তে মাহফুজুর রহমানের নাম আসে।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




