ছবি নিজস্ব
একসময় হাতে ছিল টাইলস বসানোর সরঞ্জাম, এখন সেই হাতেই গড়ে তুলেছেন সবুজের সমারোহ। পেশায় ছিলেন টাইলসের মিস্ত্রি। কিন্তু স্বপ্ন ছিল বড় কিছু করার, নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনা তৈরির। সেই স্বপ্ন থেকেই কৃষির পথে হাঁটা শুরু জাকির হোসেনের। আজ তাঁর সেই উদ্যোগে বিস্তীর্ণ জমিতে দুলছে হাজার হাজার নাগা মরিচের চারা। তাঁর উৎপাদিত নাগা মরিচ যাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে তৃতীয়বারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে নাগা মরিচ বা বোম্বাই মরিচের চাষ। এবার আগের চেয়ে অনেক বড় পরিসরে চলছে এ আবাদ। আর এই উদ্যোগের পেছনে রয়েছেন পরিশ্রমী কৃষি উদ্যোক্তা জাকির হোসেন।
সরেজমিনে দেখা যায়, রুস্তমপুর গ্রামের বিস্তীর্ণ জমিতে সারি সারি করে রোপণ করা হয়েছে নাগা মরিচের চারা। যত্ন আর ভালোবাসায় বেড়ে উঠছে প্রতিটি গাছ। মাঠজুড়ে সবুজের সমারোহ যেন জাকির হোসেনের স্বপ্ন আর পরিশ্রমের জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিটি চারার সঙ্গে জড়িয়ে আছে তাঁর আশা, পরিশ্রম ও ভবিষ্যতের স্বপ্ন।
জাকির হোসেন জানান, প্রথমবার জমি লিজ নিয়ে তা পরিষ্কার করে নাগা মরিচ চাষ শুরু করেন তিনি। টাইলসের মিস্ত্রির কাজ ছেড়ে কৃষিতে এমন উদ্যোগ নেওয়াটা সহজ ছিল না। তবে প্রথমবারের অভিজ্ঞতায় ভালো লাভ হওয়ায় কৃষির প্রতি তাঁর আগ্রহ আরও বেড়ে যায়। সেই আত্মবিশ্বাস থেকেই এবার তৃতীয়বারের মতো আরও বড় পরিসরে চাষাবাদ শুরু করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৭ লাখ টাকা বিনিয়োগ করে ১১ হাজারের মতো নাগা মরিচের চারা রোপণ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে প্রায় ৩২ লাখ টাকার মরিচ বিক্রির প্রত্যাশা করছেন তিনি। তাঁর উৎপাদিত নাগা মরিচ স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরবরাহ করা হয়।
জাকির হোসেনের এই উদ্যোগ শুধু একজন মানুষের স্বপ্নপূরণের গল্প নয়, এটি সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেওয়ার গল্প। যেখানে একসময় তিনি শ্রমিক হিসেবে অন্যের কাজ করে জীবিকা নির্বাহ করতেন, আজ সেখানে নিজের উদ্যোগে সৃষ্টি করেছেন কৃষিকাজের নতুন ক্ষেত্র। তাঁর এই পথচলা প্রমাণ করে- ইচ্ছাশক্তি, সাহস ও পরিশ্রম থাকলে কৃষিও হতে পারে স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম।
সিলেট অঞ্চলে নাগা মরিচের রয়েছে ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা। বিশেষ করে প্রবাসী সিলেটিদের কাছে এ মরিচের কদর অনেক বেশি। দেশের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে এ ফসল চাষে কৃষকদের জন্য তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।
স্থানীয়দের প্রত্যাশা, রুস্তমপুরে জাকির হোসেনের এই উদ্যোগ সফল হলে এলাকার অন্য কৃষকরাও নাগা মরিচ চাষে উৎসাহিত হবেন। এতে একদিকে যেমন কৃষিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে বাড়বে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড।
টাইলসের মিস্ত্রি থেকে কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা জাকির হোসেনের গল্প এখন রুস্তমপুরের মাঠে মাঠে ছড়িয়ে পড়ছে। তাঁর ১১ হাজার চারার প্রতিটিতে যেন লুকিয়ে আছে ৩২ লাখ টাকার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলে শুধু জাকির হোসেনই লাভবান হবেন না, বরং গোলাপগঞ্জের কৃষিতেও যুক্ত হবে সাফল্যের এক নতুন অধ্যায়।
জৈন্তাবার্তা/আরআর




