সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
এদিকে ট্রাফিক পুলিশের অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৩৮টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




