ছবি:সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একজন জনপ্রতিনিধির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ কোনো সাধারণ অপরাধ নয়; এটি জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। রাজনৈতিক পরিচয় কিংবা মতপার্থক্যের আড়ালে এ ধরনের সহিংস কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই।
বিবৃতিতে আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পেট্রোলবোমার মতো ভয়ংকর অস্ত্র ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে সংসদ সদস্য এম এ মালিক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




