সিলেটে গান-নৃত্য ও আলোচনায় কাশীনাথ স্মরণোৎসব অনুষ্ঠিত
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শ্রীমদ্ভাগবতের প্রথম কাব্যানুবাদক ও প্রখ্যাত গীতিকারের জীবন-কর্ম স্মরণ

সিলেটে গান-নৃত্য ও আলোচনায় কাশীনাথ স্মরণোৎসব অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ১০:৫৭:০৯ অপরাহ্ন

সিলেটে গান-নৃত্য ও আলোচনায় কাশীনাথ স্মরণোৎসব অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


গান, নৃত্য ও জীবন-কর্ম নিয়ে আলোচনার মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে শ্রীমদ্ভাগবতের প্রথম কাব্যানুবাদক ও প্রখ্যাত গীতিকার কাশীনাথ দাশ তালুকদারের স্মরণোৎসব।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাশীনাথ স্মৃতি পরিষদ, সিলেটের উদ্যোগে এ স্মরণোৎসবের আয়োজন করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবীন-প্রবীণ শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় কাশীনাথের রচিত গান। জীবন ও মাটির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত এসব গানের সুরে অনুষ্ঠানে সৃষ্টি হয় বাউলিয়ানা আবহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কাশীনাথ স্মৃতি পরিষদের সভাপতি প্রমথেশ দাশ তালুকদার। পরে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে কাশীনাথ দাশ তালুকদারের রচিত ‘এ ভব সংসারের মাঝে কেন পাঠাও দয়াল হরি’, ‘শুন গো ধ্বনি ঐ যে শুনি’, ‘মা মা বলে আর ডাকবো না’, ‘কাল শশী বাজায় বাঁশি’ এবং ‘প্রাণ সখি গো কোথায় রইল, প্রাণনাথ আইলো না’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করা হয়।

এ ছাড়া আমন্ত্রিত শিল্পীরা বিভিন্ন লোকগান ও ধামাইল পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশ নেন সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, শামীম আহমদ, তন্বী দেব, লিংকন দাশ ও আশরাফুল ইসলাম অনি। দলীয় সংগীত পরিবেশন করে গীতবিতান বাংলাদেশ ও স্বরলিপি, সিলেটের শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন ছন্দনৃত্যালয়ের শিল্পীরা।

অনুষ্ঠানের শুরুতে কাশীনাথ দাশ তালুকদারের জীবনী পাঠ করেন সংস্কৃতিকর্মী ঈশিতা ঘোষ চৌধুরী। পরে লেখক ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ রচিত ‘কাশীনাথের স্মৃতির উঠোনে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরপর কাশীনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন গ্রন্থটির লেখক সুমনকুমার দাশ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন লেখক ও গবেষক পার্থ তালুকদার। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রণবকান্তি দেব ও অর্চি ভট্টাচার্য্য। এ সময় সিলেটের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীমদ্ভাগবতের প্রথম বাংলা কাব্যানুবাদক হিসেবে পরিচিত কাশীনাথ দাশ তালুকদার ১৩১৮ বঙ্গাব্দের ২১ আশ্বিন, ১৯১১ সালের ৮ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষক, গীতিকার, অনুবাদক, সালিশবিচারক, পোস্টমাস্টার ও চিকিৎসক হিসেবে তিনি পরিচিত ছিলেন। গ্রাম্য সালিশে তাঁর বিশেষ খ্যাতি ছিল। আদালত থেকে বিচারপ্রার্থী দুই পক্ষকে তাঁর কাছে পাঠানো হলে তিনি তা সুষ্ঠুভাবে মীমাংসা করতেন বলে জানা যায়।

কাশীনাথের রচিত শতাধিক ধামাইল, সূর্যব্রতসংগীত ও বাউলগান বাংলা লোকসংগীতের মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘শ্রীমদ্ভাগবত’ (বাংলা কাব্যানুবাদ), ‘শ্রীশ্রী কৃষ্ণলীলা কীর্তন ও সূর্যব্রত সংগীত’ এবং ‘রাধাকৃষ্ণ লীলাসংগীত’। তাঁকে নিয়ে এ পর্যন্ত শতাধিক প্রবন্ধ, গবেষণাধর্মী বই ও স্মরণিকা প্রকাশিত হয়েছে। ২০০৫ সালে তাঁর গান নিয়ে ‘রাধাকৃষ্ণের পাশা খেলা’ নামে একটি অডিও ক্যাসেট প্রকাশিত হয়।

১৯৮০ সালের ২ নভেম্বর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন কাশীনাথ দাশ তালুকদার। তাঁর জীবন ও সৃষ্টিকর্ম স্মরণে আয়োজিত এ অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে তাঁর সংগীত ও লোকঐতিহ্য তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: