ছবি নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ চলছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার সাতটি চা-বাগানে নির্ধারিত সাতটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন চা শ্রমিকরা।
নির্বাচন উপলক্ষে উপজেলার হাবিবনগর, খাঁ, শ্রীপুর, লালাখাল, বাঘছড়া, আফিফানগর ও গঙ্গাজুম চা-বাগানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
স্থানীয়ভাবে পাওয়া ভোটার তালিকা অনুযায়ী, এসব কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ হাজার ৮৫৬ জন। এর মধ্যে হাবিবনগর চা-বাগানে ৫৩৫ জন, খাঁন চা-বাগানে ৫৭৭ জন, শ্রীপুর চা-বাগানে ৫১ জন, লালাখাল চা-বাগানে ৩০৭ জন, বাঘছড়া চা-বাগানে ১২২ জন, আফিফানগর চা-বাগানে ১৬৭ জন এবং গঙ্গাজুম চা-বাগানে ৯৭ জন ভোটার রয়েছেন।
নির্বাচনে ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তিনটি পৃথক প্যানেলে ভোট দিচ্ছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, নিজ নিজ ভ্যালি কমিটি এবং সংশ্লিষ্ট চা-বাগানের পঞ্চায়েত কমিটি।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এদিকে, ভোটগ্রহণ চলাকালে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর ও খাঁন চা-বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক।
শনিবার তিনি সরেজমিনে কেন্দ্র দুটি পরিদর্শন করে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে খোঁজ-খবর নেন। পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম এবং জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটাররা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচনে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয়, ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
জৈন্তাবার্তা/আরআর




