প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ধোলাইখালের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন। তবে বেশ কিছু নথি পুড়ে গেছে বলে জানা গেছে।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাজী ইসলাম স্টিল মার্কেটের দ্বিতীয় তলায় আগুন দেখতে পান স্থানীয়রা। শুরু হয় ছোটাছুটি। আবার কেউ জীবনের ঝুঁকি নিয়েই চেষ্টা করেন আগুন নেভানোর।
আগুন লাগা ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, যেখানে গচ্ছিত আছে এলাকার অসংখ্য ব্যবসায়ীর পুরো জীবনের সঞ্চয়। তাই শঙ্কা আর উৎকণ্ঠা দেখা যায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন ঘেষা বিদ্যুতের ট্রান্সমিটার থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে যায় ব্যাংকের ভেতর। ভবনটির ওপরের চার তলায় আবাসিক ভবন থাকায় আতঙ্ক আর উৎকণ্ঠা দেখা যায় বাসিন্দাদের মাঝে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ব্যাংকের এসি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ব্যাংকের ভেতরে থাকা ভল্ট সুরক্ষিত আছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে আগুনে পুড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। যদিও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, একই দিন সকালে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচাবাজারের পাশে একটি টিনশেড ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এলএইচ




