মেট্রো রেলে ভ্যাট নিয়ে প্রশ্ন সেতুমন্ত্রীর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মেট্রো রেলে ভ্যাট নিয়ে প্রশ্ন সেতুমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ১০:৩৪:০৫ পূর্বাহ্ন

মেট্রো রেলে ভ্যাট নিয়ে প্রশ্ন সেতুমন্ত্রীর

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এনবিআর হঠাৎ করেই মেট্রো রেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভারতে কি ভ্যাট আছে? ভ্যাট নেই। তাহলে আমাদের এখানে কেন? এটা হয় না। এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট হয়। 

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রো রেল’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এনবিআরের এই সিদ্ধান্ত সঠিক নয়, ভুল সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।’ ঢাকায় জরাজীর্ণ গাড়ি চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আফ্রিকার ছোট ছোট দেশগুলোর রাজধানীতে যে গাড়ি চলাচল করে তা অনেক সুন্দর। 

ঢাকায় সর্বশেষ প্রযুক্তির এত সুন্দর কার, জিপ গাড়ি ব্যবহার করা হয়। আর বাসগুলোর কেন এত জরাজীর্ণ চেহারা? মেট্রো রেল আধুনিক গণপরিবহন। এখান থেকে বের হলেই জীর্ণশীর্ণ গরিব চেহারার বাসগুলো দেখলে কেমন লাগে? এতে আমরা লজ্জা পাচ্ছি। মালিক সাহেবরা কি লজ্জা পাচ্ছেন না? এসব গাড়ি সরিয়ে নিতে দুই সিটি মেয়রের সহযোগিতা চাচ্ছি।’

এর আগে মেট্রো রেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে এই সেমিনারের আয়োজন করে এর পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে ওবায়দুল কাদের যানজট নিরসনে আধুনিক এই গণপরিবহনের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে জনবান্ধব এই পরিবহনের ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনুরি, জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমোহিদে ও ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ: