ছবি: সংগৃহীত
সরকারের কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এজন্য দায়ী কে? এই সরকার, শাসকগোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করায় এ ঘটনাটা ঘটেছে। তারাই (সরকার) তাদের (সেনাবাহিনী) বিভিন্ন কাজে ব্যবহার করেছে। সেজন্য জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। এটাই একমাত্র পথ।’
তিনি বলেন, ‘সেনাবাহিনী হচ্ছে আমাদের ভরসাস্থল প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয়প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই দেশের মানুষ মেনে নেবে না।’
র্যাবের ওপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘র্যাব কর্ককর্তাদের ওপর নিষেধাজ্ঞা থেকে সরকার কোনো শিক্ষা নেয়নি। তাদের থেকে একজন পুলিশের আইজি হয়ে গেলেন। এটার কতটুকু প্রভাব পড়ে আমার ধারণা নেই। এটা বাংলাদেশের জন্য চরম দুর্ভাগ্য, এটা লজ্জার কথা।’
চলমান ষষ্ঠ উপজেলা নির্বাচনে মানুষের আগ্রহ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখি না। কেউ লক্ষও করছে না কোথাও নির্বাচন হচ্ছে। আপনারা বঁাচিয়ে রাখার চেষ্টা করছেন। এ ছাড়া কোথাও কথাবার্তা নেই, কোনো আলোচনা নেই। কারণ, নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই।’
এ সময় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলা এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার ঘটনার নিন্দা জানান বিএনপি মহাসচিব।
এস এইচ টি/




