ছবি:সংগৃহীত
দেশ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন থামবে না। জামায়াতে ইসলামী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও শোষণমুক্ত, অভাব-অনটনহীন ও মানুষের অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ গড়ে ওঠেনি। সর্বশেষ ১৫ বছর দেশ একটি কারাগারে পরিণত হয়েছিল। কোটি কোটি মানুষ মুক্তি ও পরিবর্তন চেয়েছে। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে মুক্তির আলোকবর্তিকা হিসেবে আত্মপ্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন। জুলাই বিপ্লবে হাজার হাজার জীবনের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।
এমন মন্তব্য করেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বিশ্বনাথ উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আব্দুল হান্নান আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে-এমনটি প্রত্যাশা করি। দেড় যুগ পর ভোটাররা যেন নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন। নির্বাচনী আমেজ ও জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সরকার-এমনটাই আশা।
তিনি এ সময় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সড়ক যোগাযোগ, নিরাপদ পানির সংকট, চিকিৎসা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। তিনি আশ্বস্ত করে বলেন, এই দুই উপজেলার মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। দল তাঁকে এই আসনের দায়িত্ব নিয়ে কাজ করার জন্য পাঠিয়েছে।
নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পথে কোনো ঝুঁকি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি সে ধরনের কোনো আশঙ্কা দেখছেন না। জামায়াতে ইসলামী রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাসী এবং নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য দলের নেতৃবৃন্দের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি মো. মতিউর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুস সোবহান, সেক্রেটারি মো. জাহিদুর রহমান, জামায়াত নেতা হাফিজ মোহাম্মদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাব হোসেন, দপ্তর সম্পাদক কবি এস. পি. সেবু, অর্থ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম এবং সদস্য মো. ছালেক উদ্দিন, এস. এ. সাজু, বিজয় কর্মকার ও সংবাদকর্মী নিজামুল ইসলাম।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




