ছবি:সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও ঐক্যের চেতনায় উজ্জীবিত হতে হবে। শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
খন্দকার মুক্তাদির আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দুর্নীতি ও বৈষম্য দূরীকরণ, জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার প্রসারের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জাতিরাষ্ট্র গঠনের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে স্বাধীনতা সংগ্রামের মূল আদর্শ-গণতন্ত্র, শোষণমুক্তি, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।
বিজয় র্যালি শুরুর আগেই রেজিস্ট্রারি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। দুপুর থেকেই মহানগর বিএনপির বিভিন্ন জোনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশাল বিজয় র্যালিটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহসভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, সুদীপ রঞ্জন বাপ্পু, নুরুল মুমিন খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




