খেলাধুলা মন-শরীর সুস্থ রাখে, অপরাধের পথ থেকে ফেরায় : এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩২ PM

খেলাধুলা মন-শরীর সুস্থ রাখে, অপরাধের পথ থেকে ফেরায় : এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৯:৩০:১৩ PM

খেলাধুলা মন-শরীর সুস্থ রাখে, অপরাধের পথ থেকে ফেরায় : এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলা সব শ্রেণি-পেশার মানুষের মন ও শরীর সুস্থ রাখে এবং অপরাধপ্রবণতা থেকে দূরে রাখে। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমানে ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি তরুণ সমাজকে ধীরে ধীরে মেধাশূন্য করে দিচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি আশঙ্কাজনক হারে বেড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে এসে আগের মতো শারীরিক খেলাধুলায় আগ্রহী হতে হবে। তরুণদের এ পথ থেকে ফেরাতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো জরুরি, যেখানে অভিভাবকদের দায়িত্ব সবচেয়ে বেশি।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর চন্দরপুর সিএনজিচালিত অটোরিকশা শাখার উদ্যোগে আয়োজিত ‘নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন মাস্টার, বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহান, সিলেট জেলা যুবদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাস এবং বৃহত্তর চন্দরপুর সিএনজি শাখার সাংগঠনিক সম্পাদক ও বুধবারীবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বৃহত্তর চন্দরপুর সিএনজিচালিত অটোরিকশা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ