ছবি:সংগৃহীত
আবহমান বাংলার শিখরছোঁয়া চিরাচরিত ঐতিহ্য ও জাতীয় চেতনাকে হৃদয়ে ধারণ করে ১৫ ও ১৬ ডিসেম্বর নবান্ন উৎসব ও মহান বিজয় দিবস উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনাথ উপজেলার লালাবাজার টেংরাস্থ আল-মুসিম স্কুল অ্যান্ড কলেজ।
এরই অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য পিঠা উৎসব। উনুনের আঁচ আর মা-মাসির স্নেহমাখা হাতের স্পর্শে তৈরি বাহারি পিঠা-পুলিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। গ্রামবাংলার নবান্নের ঐতিহ্যবাহী উৎসবের আবহে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে।
বেলা ১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। বিমল করের নির্দেশনা ও গ্রন্থনায় এবং শ্রুতি সরকারের সঞ্চালনায় একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বিমল কর, প্রিয়াশ্রী কর পিউ, পুনম কর পূজা, শ্রেয়া সরকার ও শ্রুতি সরকার।
অনুষ্ঠানজুড়ে নবান্নের আনন্দ, ভাষা-সংস্কৃতির চর্চা এবং বিজয় দিবসের চেতনা একসঙ্গে মিলেমিশে এক অনন্য আবহ সৃষ্টি করে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




