ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের নিচতলায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি কেবল একটি দলের নেত্রী নন, বরং গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের শিকার হয়ে দীর্ঘদিন কারাবরণ এবং গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনসহ জেলা ও মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




